ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট পেপার প্রবাস থেকে আসা শুরু হয়েছে। এরই মধ্যে রিটার্নিং অফিসারের অফিস তা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। প্রতি আসনে ৪০০ পোস্টাল ব্যালটের জন্য একটি করে বাক্স রাখা হচ্ছে।
এবার ৩০০ আসনে প্রবাসে ও দেশে ১৫ লাখেরও বেশি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন করেছেন।
১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে তাদের ব্যালট গণনা করা হবে। এর পরে পৌঁছালে বাতিল বলে গণ্য হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) জারি করা বিশেষ পরিপত্রে এসব তথ্য জানানো হয়।
এদিকে আজ রবিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের স্বচ্ছ ব্যালট বাক্স তালাবদ্ধ করেছেন এবং তা গ্রহণের জন্য কক্ষ নির্ধারণ করেছেন।